প্রতিনিধি সিলেট –
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। একই সাথে তার মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে সিলেট সিটি করপোরেশন।
সোমবার (১৫ জুন) এক শোক বার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, একজন দক্ষ জনপ্রতিনিধিকে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি সিলেট পৌরসভা ও সিলেট সিটি করপোরেশেনের বারবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে নগরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন।
মেয়র বলেন, করোনা আক্রান্ত হবার আগ পর্যন্ত তিনি একজন রাজনীতিক হিসাবে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নগরজুড়ে। বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল সিলেট সিটি করপোরেশনে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আনার চেষ্টা করলেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধির কারণে প্রশাসন সে অনুমতি দেয়নি।এ্ অবস্থায় মেয়র আরিফুল হক চৌধুরী নগরবাসীর প্রতি আহবান জানান, যার যার অবস্থান থেকে বদরউদ্দিন আহমদ কামরানের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করার জন্য। শোক বার্তায় মেয়র বিদেহীর রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট সিটি করপোরেশনে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শোক কর্মসূচির আওতায় সিসিকের সকল কর্মকর্তা কর্মচারী কালো ব্যাজ ধারণ করবেন। বন্ধ থাকবে সকল দাপ্তরিক কার্যক্রম।
রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান।
Leave a Reply