জগন্নাথপুর২৪ ডেস্ক::
ছাতকে ইভটিজিংয়ের শিকার মাদ্রাসা ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসার ইংরেজি শিক্ষক রাজিবুর রহমান রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয়। এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার নালিশ দিয়েও বিচার না পাওয়ায় মাদ্রাসার অধ্যক্ষকে শনিবার জুতাপেটা করেছে ইভটিজিংয়ের শিকার ওই শিক্ষার্থী।
পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাটি শুনার পরপরই জড়িত শিক্ষককে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে এবং তাকে গ্রেফতার করা করেছে।
জানা যায়, ছাতকের গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী (১৯) ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মাদ্রাসার ইংরেজি শিক্ষক রাজিবুর রহমান রাজিবের কাছে তাঁর বাসভবনে (গোবিন্দগঞ্জ জনতা ফার্মেসীর তৃতীয় তলায়) প্রাইভেট পড়তে যায়। প্রথম দুই-তিন দিন পড়ানোর পরই রাজিব ওই শিক্ষার্থীর সঙ্গে অশ্লীল কথাবার্তা শুরু করেন। দিনে দিনে এই মাত্রা বেড়ে যায়। ৬ দিনের দিন মেয়েটিকে জড়িয়েও ধরেন শিক্ষক। এরপর আর শিক্ষক রাজিবের কাছে পড়তে যায়নি ওই শিক্ষার্থী। গত ২৭ মার্চ আলীম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে মাদ্রাসার দ্বিতীয় তলায় ওই শিক্ষার্থীর শরীরে আবারও হাত দেন রাজিবুর রহমান রাজিব। বাড়ীতে গিয়ে মেয়েটি কাঁদতে থাকে। এক পর্যায়ে তার বাবার মুঠোফোন থেকে কলেজ অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীকে ফোন দিয়ে সকল ঘটনা জানায় ওই শিক্ষার্থী। পরে আরও দুই তিনবার সে অধ্যক্ষের কাছে এ বিষয়ে কী করলেন জানতে চায়। কিন্তু কোন জবাব পায়নি।
নির্যাতিতা শিক্ষার্থীর ভাই এ প্রতিবেদককে জানান, তাঁর বোন এবারের আলীম পরীক্ষার্থী। ছাত্রী হিসাবেও ভাল সে। গত ২৭ মার্চের পর অনেকটা অসংলগ্ন হয়ে পড়ে সে। সব সময় কান্নাকাটি করে। আলীম পরীক্ষায়ও অংশ নেয়নি সে। শনিবার সে গোবিন্দনগর মাদ্রাসায় এসে অধ্যক্ষকে জিজ্ঞেস করে, ‘আপনি রাজিব স্যারের বিচার করলেন না, আমি এই কষ্টে পরীক্ষায় অংশ নেইনি, আপনি আমার কোন খবরও করলেন না।’
নির্যাতনের শিকার শিক্ষার্থীর বড় ভাই বলেন, ‘অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী আমার বোনের কথা শেষ হতে না হতেই তাঁকে ধমক দিতে থাকেন। গালাগালি শুরু করেন। পরে আমার বোন ক্ষুব্ধ হয়ে তার পায়ের জুতো খুলে অধ্যক্ষকে আঘাত করে।
বড় ভাই বলছিলেন, ‘এ ঘটনার পর অধ্যক্ষের পক্ষ নিয়ে ৪-৫ তরুণ আমার বোনকে কিল ঘুষি মারে। তারা আমার
বোনের মুঠোফোন কেড়ে নেয়। এরপর আমার বাবা মাদ্রাসায় গেলে তাকেও মারপিট করা হয়।’
নির্যাতনের শিকার মেয়েটির বড় ভাই জানান, তারা ৩ ভাই ও ১ বোন। বোনের ওপর এমন নির্যাতন পরিবারের কেউ-ই মেনে নিতে পারছেন না। তার বোনকেও আর মাদ্রাসায় দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা। কারণ মাদ্রাসার অধ্যক্ষ অনেক প্রভাবশালী। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গেও যুক্ত। অন্য কোন মাদ্রাসায় ভর্তি হলেও হয়তো শান্তি পাবে না তার বোন।
শনিবারের ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারি নির্যাতিতা শিক্ষার্থী ও তার বাবা, কলেজ অধ্যক্ষ ও রাজিবুর রহমানকে তাঁর ছাতক উপজেলা সদরের কার্যালয়ে ডেকে নেন। ইউএনও’র কার্যালয়ে প্রবেশের সময় অধ্যক্ষের পক্ষ হয়ে কিছুলোক ওই মেয়েটিই খারাপ এমন কথা বলায় ওখানে মেয়েটির বাবার সঙ্গে অধ্যক্ষের লোকজনের কথা কাটাকাটি শুরু হয়। এসময় ইউএনও বের হয়ে সকলকে অফিস এলাকা থেকে বের করে দেন। পরে তিনি নির্যাতিতার কথা শুনে অধ্যক্ষকের কাছে এই বিষয়ে জবাব চান।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী ইউএনওকে বলেন,‘মেয়েটি রাজিবুর রহমানের বিচার আমার কাছে দিয়েছিল। আমি স্টাফ কাউন্সিলের সভায় এই বিষয়ে কথা বলে বুঝেছি, অভিযোগ সঠিক নয়।’
ইউএনও প্রশ্ন করেন আপনি কী মেয়ের সঙ্গে কথা বলেছেন, তিনি ( অধ্যক্ষ) উত্তরে বলেন, ‘এটি আমার ভুল হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভুল হবে না।’
এক পর্যায়ে নির্যাতিতা শিক্ষার্থীর বাবাসহ অন্যরা (তাকে) অধ্যক্ষের পা ছুঁয়ে সালাম করার জন্য বলেন। মেয়েটি তাই করে।
ইউএনও আবেদা আনসারী এই সময় অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানীকে উদ্দেশ্য করে বলেন,‘আপনার শিক্ষক রাজিবুর রহমানের কথাবার্তায় অসঙ্গতি রয়েছে। মেয়েটি যদি অভিযোগ দায়ের করে আপনি পুলিশকে সহায়তা করবেন। মনে রাখবেন, কোন অঘটন ঘটলে আপনিও ছাড় পাবেন না।’
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারি মুঠোফোন রিসিভ না করায় এই বিষয়ে তাঁর কোন বক্তব্য যুক্ত করা যায়নি।
ছাতক থানার ওসি আতিকুর রহমান বলেন, এই বিষয়ে নির্যাতিতা শিক্ষার্থী (সাহেলা বেগম) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নম্বর- ৩৪, তারিখ-২৭.০৪.১৯) দায়ের করেছে। শিক্ষক রাজিবুর রহমান রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন,‘ ছাতকের মাদ্রাসা শিক্ষার্থীকে হয়রানীর বিষয়টি শুনার পরপরই ঘটনার সাথে জড়িত শিক্ষককে দ্রুত গ্রেফতার করতে ছাতক থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছিল। এসব ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধীরা যেই হোক না কেউ আইনের আওতায় আনা হবে।’
Leave a Reply