স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর থানা পুলিশ আদালতের নির্দেশ উপেক্ষা করে জামিনে থাকা তিন ব্যক্তিকে আটক করেছে। তারা এসময় জামিনে থাকার ব্যাপারে আদালতের বিভিন্ন কাগজপত্র দেখালেও এসআই আব্দুস সালাম তা তোয়াক্কা করেননি। হাতকড়া পড়িয়ে তিন ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
উপজেলার কলকলিয়া ইউনিয়নের নোয়াগাও গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলছে। জগন্নাথপুর থানায় দায়েরকৃত মামলায় (নং-৬(৭)১৬) জামিনে থাকা দিল সুন্দর, আজহার ও মনির মিয়াকে গতকাল রোববার ভোরে আটক করে থানা পুলিশ। এসময় অপর একটি মামলায় আটক করা হয় একই গ্রামের বিলাল উদ্দিন ও রুজন মিয়াকে। এসআই আব্দুস সালামের নেতৃত্বে তাদেরকে আটক করার সময় পুলিশে সাথে ছিলেন একটি মামলায় (নং-৫(৭)১৬) চার্জভূক্ত আসামি নোয়াগাও গ্রামের আলকাব, আখলু, শেরাটন ও আব্দুল আলীম।
মামলার চার্জভূক্ত একাধিক আসামিকে সাথে নিয়ে জামিনে থাকা ব্যক্তিদের আটক করার বিষয়টি স্থানীয় লোকজনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে এ ঘটনাকে ‘সৃষ্টের দমন ও দুষ্টের লালন’ বলে মন্তব্য করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, চার্জভূক্ত আসামিদেরকে সাথে নিয়ে পুলিশ জামিনে থাকা ব্যক্তিদের আটক করে সাধারণ মানুষকে হতাশ করেছে। লঙ্ঘন করেছে আদালতের নির্দেশও।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ আটককৃত ৫ জনের মধ্যে দিল সুন্দর, আজহার ও মনিরকে ছেড়ে দিয়েছে। এবিষয়ে জানতে চাইলে এস.আই সালাম বলেন,গ্রেফতারি পরোয়ানাভূক্ত অাসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছিল। পরে আদালতের রিকল দেখে যারা জামিনে ছিলেন তাদের ছেড়ে দেয়া হয়। এছাড়াও তিনি চার্জভূক্ত আসামিদের নিয়ে জামিনে থাকা ব্যক্তিদের আটকের বিষয়টি অস্বীকার করেন।
Leave a Reply