জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে চাচাত ভাইয়ের দায়ের কোপে বোনের মৃত্যু হয়েছে। উপজেলার ভীমখালি ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগম (৩৫) গ্রামের আনেয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শনিবার সকালে উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামের গুঞ্জর আলীর ছেলে রেজাউল করিম ও তার বোন নিহত জেসমিন বেগম তাদের রেকর্ডিয় জমিতে পাকা ঘর নির্মাণ করতে যান। তাদের কাজে বাধা দেন চাচা মাহমুদ আলী ও তার ছেলে আশিকুল। এক পর্যায়ে সেখানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে জেসমিন বেগম কে দা দিয়ে গলায় কোপ দেয় অন্যপক্ষের আশিকুল। গুরুতর আহত জেসমিন কে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আবদুন নাসের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে মৃত. আব্দুল মন্নাফের ছেলে মাহমুদ আলী (৬০) কে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।