জগন্নাথপুর২৪ ডেস্ক::
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে গৌরীপুরের বেলতলী এলাকায় গতকাল রোববার রাত নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের মনিরুল ইসলাম (১৫), একই উপজেলার নিমকিকান্দা গ্রামের মুলহক আলী (৪৮) ও কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের জাহাঙ্গীর আলম (৩৪)। তাঁরা ময়মনসিংহ থেকে নেত্রকোনায় যাচ্ছিলেন।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সোমবার রাতে অটোরিকশাটি ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাচ্ছিল। পথে গৌরীপুর উপজেলার বেলতলী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে যায় অটোরিকশাটি। তখন সামনের দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
অটোরিকশার আহত দুই আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply