দিরাই সংবাদদাতা
দিরাই পৌরসভার দোওজ গ্রামে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে গ্রামের মতিউর রহমান গৌউস মিয়ার বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, দিরাই পৌরসভার দোওজ গ্রামে মতিউর রহমান গৌউস মিয়ার বাড়িতে বুধবার দুপুরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পরে আশেপাশের ৩ টি বাড়িতে। এতে আনোয়ার সাজাত, হাবিবুর রহমান (কাচা), পাপ্পু মিয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পৌর মেয়র বিশ্বজিৎ রায় জানান, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে পাশাপাশি স্থানীয় লোকজনও সহায়তা করছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, কোথা থেকে আগুন লেগেছে, এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেন নি স্থানীয় লোকজন। তবে তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে থাকতে পারে।