জগন্নাথপুর২৪ ডেস্ক::
দোয়ারাবাজার উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। উপজেলার ৫৯ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লাখ ৬৯ হাজার ২২৬ জন ভোটার।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন চেয়ারম্যান প্রার্থী। এই উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নুরুল ইসলাম। এছাড়াও স্বতন্ত্রের মোড়কে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এম এ বারী (আনারস), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু সালেহ (লাঙ্গল), উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (কাপ পিরিচ)।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ১ম পর্যায়ে দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। তিনি নৌকা প্রতীকে পান ৩১ হাজার ৫৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (কাপ পিরিস) প্রতীকে পান ২০ হাজার ১২১ ভোট। কিন্তু গত বছরের ৩০ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে মারা যান দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম (৭৫)। এর আগে তিনি ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দোয়ারাবাজার উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ছাত্রাবস্থায় সিলেট মেডিকেল কলেজের (বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ) ছাত্রলীগের সভাপতি ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় ডিংরাই ইয়ুথ ক্যাম্প ও ডিংরাই রিফউজি ক্যাম্পের চিকিৎসক ছিলেন। ১৯৭৯ সালে ছাতক-দোয়ারা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম।
Leave a Reply