দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান এম এ বারির বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের আসবাবপত্র নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। তার এমন কা-ে উপজেলা জুড়ে নিন্দার ঝড় বইছে। আলোচনা সমালোচনার মধ্যে সোমবার তিনি দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার সাবেক চেয়ারম্যান এম এ বারি’র বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এ লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর চেয়ারম্যান এম এ বারি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে রাতের আধাঁরে একটি চেয়ার, একটি টেবিল, একটি ফাইল কেবিনেট, সৌর বিদ্যুতের সোলার প্যানেল ও ক্যাবল, প্রত্যেক রুমের বৈদ্যুতিক বাল্বসহ বেশ কিছু সরঞ্জামাদি তাঁর নিজ হেফাজতে নিয়ে যান। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দিন পরিষদ কার্যালয়ে আসবাবপত্র কিছুই পাওয়া যায়নি। হস্তান্তর সময়ে বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ হস্তান্তরিত ফাইলে মালামাল না পাওয়ায় স্বাক্ষর করেননি।
এর সত্যতা জানতে চাইলে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ বারি বলেন, আমার পছন্দের ক্রয়কৃত টেবিল ও চেয়ারের পরিবর্তে অন্য টেবিল ও চেয়ার রেখে এসেছি। আমি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আরও আসবাবপত্র দিয়েছি। ঈর্ষান্বিত হয়ে একটা মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply