1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

দ্রোহ ও ভালবাসার কবির প্রতি বিনম্র শ্রদ্ধা: মনোরঞ্জন তালুকদার

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৬ Time View
মনোরঞ্জন তালুকদার ::
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।
সাম্য, ভালবাসা, মানবতা ও দ্রোহের যে সমন্বিত উচ্চারণ নজরুলের এই একটি কবিতায় ধ্বনিত হয়েছে – তা এক অনন্য কালোত্তীর্ণ নজরুলকে পাঠকের সামনে উপস্থাপন করে। আজও কুসংস্কার, মৌলবাদ, সামাজিক বৈষম্য সমাজে জগদ্দল পাথরের মত চেপে বসে আছে। ব্যষ্টিক, সামষ্টিক ও রাষ্ট্রীক জীবনের নান স্তরে বিদ্যমান সাম্প্রদায়িকতা, কূপমন্ডুকতা, কুসংস্কার, নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে যেমন তিনি বিদ্রোহ করেছেন তেমনি পরাধীনতার বিরুদ্ধেও বিদ্রোহ করেছেন। তাঁর বিদ্রোহ যেমন চেতনাগত তেমনি অংশগ্রহণ মূলকও।
চেতনাগত অবস্থান থেকে তিনি তাঁর সাহিত্য কর্মের মাধ্যমে দ্রোহের স্ফুলিঙ্গ ছড়াতে চেয়েছেন অন্যদিকে পরাধীনতার বিরুদ্ধে নানা কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করেছেন। ১৯২১ সালের নভেম্বর মাসে ২১ তারিখ ভারত ব্যাপী হরতাল উপলক্ষ্যে নজরুল পথে নেমে আসেন, অসহযোগ মিছিলের সাথে কুমিলা শহর প্রদক্ষিণ করেন আর গান করেন,
ভিক্ষা দাও, ভিক্ষা দাও
ফিরে চাও ওগো পুরবাসী।
দেশের স্বাধীনতার এমন দৃপ্ত দাবী আর কোন বাংলা সাহিত্যের কবি করেছেন বলে মনে হয় না। বাংলা সাহিত্যে তাঁর মতো করে খুব কম সাহিত্যিকই মানুষের শ্রেষ্ঠত্ব এত উচ্চকিত কন্ঠে উচ্চারণ করেছেন।
দুখু মিয়ার দুঃখী জীবন নানা চড়াই- উৎরাই এর মধ্যদিয়ে অতিক্রান্ত হয়েছে। জীবিকার প্রয়োজনে বিচিত্র পেশার জীবন তিনি যাপন করেছেন। মাত্র নয় বছর বয়সে তিনি যখন তাঁর পিতাকে হারান তখন পারিবারিক অভাব অনটনের কারণে মাত্র দশ বছর বয়সে গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ শুরু করেন, মক্তবে শিক্ষকতা করেন, হাজি পালোয়ানের কবরের সেবক হিসাবেও কাজ করেন। লেটো দলে যোগদান করে দলের জন্য তিনি গান রচনা করেছেন, সুর দিয়েছেন এমনকি অভিনয়ও করেছেন। তাছাড়া চা রুটির দোকানে রুটি বানানোর কাজ করেছেন, এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন।
বহুমাত্রিক পেশাগত জীবনে তিনি দেখেছেন নানা জীবনের অন্তর্গত দ্বন্দ্ব, বঞ্চনা ও শোষণের নানা মাত্রিক সহাবস্থান। যা তাঁর জীবন দর্শনকে শাণিত করেছে, চেতনাবোধকে দ্রোহী করেছে। যার ফলশ্রুতিতেই বাংলা সাহিত্যে তাঁর আগমন ঘটেছে ধুমকেতুর মত। স্বল্প সময়ের কর্মক্ষম জীবনে তাই তিনি হয়ে উঠেছিলেন সব্যসাচী লেখক।
ব্যক্তি জীবনে নানা বাঁকে তিনি যে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন তার সেই হিরন্ময় অভিজ্ঞতাই ফুটে উঠেছে তার সাহিত্য কর্মে।
মানুষকে তিনি ধর্মীয় পরিচয়ে চিহ্নিত না করে “আশরাফুল মুকলুকাত” হিসেবেই দেখেছেন। নজরুল তাঁর শেষ ভাষণের দু একটি বাক্য উল্লেখ করলেই এই কথার সত্যতা মিলবে “আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করানোর চেষ্টা করেছি”।
নজরুল যদিও তাঁর রুমমেট এবং দীর্ঘদিনের বন্ধু এ উপমহাদেশের বামপন্থী আন্দোলনের অন্যতম পুরোধা পূরুষ মোজাফফর আহমেদের দ্বারা গভীর ভাবে প্রভাবিত হয়েছিলেন কিন্তু তিনি কখনো বামপন্থী আদর্শে বিশ্বাসী রাজনৈতিক সংগঠনের সদস্যপদ গ্রহণ করেননি। কংগ্রেসের টিকেটে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র ভাবে নির্বাচন করে পরাজিত হন। তিনি সম্ভবত সবচে বেশি প্রভাবিত হয়েছিলেন আধুনিক তুরস্কের জনক কামাল পাশার দ্বারা।
নজরুল যদিও বারবার তাঁর কবিতায় সাম্যবাদের কথা বলেছেন আবার পাশাপাশি মুসলমানদের জাগরণের গান গেয়েছেন। তাদের অতীতের গৌরবের কথা মনে করিয়ে দিয়ে এবং কবিতার ভাষা ও বিষয় বস্তুতে মুসলমানি উপাদান ব্যবহার করে তাদের অনুপ্রাণিত করেছেন। তাঁর আবির্ভাবের মধ্য দিয়ে যেমন মুসলমান সমাজ অনেকটা এগিয়ে যায় এবং তাঁর অনুপ্রেরণায় পরবর্তীতে মুসলমান কবি সাহিত্যিকদের মধ্যে কাব্য চর্চার আধুনিক যুগের সূচনা হয়।
একদিকে যেমন ইসলামী সংগীত রচনার মাধ্যমে ধর্মপ্রাণ নজরুলকে পাই আবার শ্যামা সংগীত রচনার মাধ্যমে একজন অসাম্প্রদায়িক নজরুলকে পাই।
এককথায় নজরুল পরাধীন জড়তাগ্রস্ত সমাজে সঞ্চারিত করেছিলেন স্বাধীনতার চেতনাবোধ। তাঁর কাব্যে ধ্বনিত হয়েছে মৃত্যুঞ্জয়ী যৌবনের জয়গান।
সবচেয়ে বড় কথা হচ্ছে, রবীন্দ্রনাথের অনুকরণ মুক্ত হয়ে নজরুল বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে আভির্ভুত হন। তাঁর ব্যতিক্রমধর্মী কবিতা রচনার জন্যই আধুনিক কবিতার সৃষ্টি সহজতর হয়েছিল বলে অনেক সাহিত্য সমালোচক মনে করেন। নজরুল তাঁর সাহিত্য কর্মের মাধ্যমে পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সা¤্রাজ্যবাদ,উপনিবেশবাদ, মৌলবাদ ও দেশী বিদেশী শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। প্রতিবাদী সাহিত্য রচনার কারণে তাঁকে ইংরেজ সরকার কারাবন্দী করে এমনকি অনেকগুলো গ্রন্থ নিষিদ্ধ করে।
বাণী ও সুরের বৈচিত্রে বাংলা গানকে তিনি যথার্থ আধুনিক সংগীতে রূপান্তরিত করেন। অনেক সঙ্গীত বিশেষজ্ঞের মতে, বাংলা সঙ্গীতের প্রায় সবকটি ধারায় পরিচর্যা ও পরিপুষ্টি, বাংলা গানকে উত্তর ভারতীয় রাগ সঙ্গীতের দৃঢ় ভিত্তির উপর স্থাপন এবং লোকসঙ্গীতাশ্রয়ী বাংলা গানকে উপমহাদেশের বৃহত্তর মার্গীয় সঙ্গীতের ঐতিহ্যের সাথে সংযুক্তি নজরুলের মৌলিক সংগীত প্রতিভার পরিচায়ক। যে কারণে তাঁকে বাংলা গানের বুলবুল নামেও অভিহিত করা হয়।
বিংশ শতাব্দির অসাম্প্রদায়িক বাঙালি মনন এ মনীষার অন্যতম প্রধান কবি কাজী নজরুল ইসলাম ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বংগাব্দে জন্মগ্রহণ (২৪মে ১৮৯৯) করেন। ৭৭ বছর বয়সে ১২ই ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দে (১৯৭৬ সালের ২৭ আগষ্ট) ঢাকায় মৃত্যুবরণ করেন। ৪৩ বছর বয়সে ১৯৪২ খ্রিস্টাব্দে তিনি পিক্স রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। বিশ্ব ব্যাপী তাঁর চিকিৎসার চেষ্টা করেও সুস্থ করা যায়নি। তাঁর এই অকাল অসুস্থতা বাংলা সাহিত্যের জন্য খুবই বিপর্যয়কর একটি ঘটনা।
এই একবিংশ শতাব্দীতেও দেশে দেশে যখন সাম্প্রদায়িকতা মানবতাকে হত্যা করছে, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চরম বৈষম্য বিদ্যমান তখন নজরুল পাঠ আরো বেশী করে প্রয়োজনীয়।
জাতীয় কবির জন্মের এই মাহেন্দ্রদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
লেখক : সহকারী অধ্যাপক (অবঃ)
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ। 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com