জগন্নাথপুর২৪ ডেস্ক::
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে ওই মাইক্রোবাসের আট যাত্রী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ওসি ইমারত হোসেন বলেন, আজ সকাল সাড়ে সাতটায় ময়মনসিংহ থেকে একটি মাইক্রোবাস শেরপুর যাচ্ছিল। ওই মাইক্রোবাসে চালকসহ ১৪ জন যাত্রী ছিল। পথে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ছনকান্দা এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস থেকে আটজনের লাশ উদ্ধার করেন। তাদের মধ্যে দুজন নারী এবং ছয়জন পুরুষ। এই সময় মাইক্রোবাস থেকে ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। এই দুর্ঘটনার পর ময়মনসিংহ-শেরপুরে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সুত্র-প্রথম আলো।
Leave a Reply