1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাবনার ফরিদপুরে নেশার টাকার জন্য শিল্পী খাতুন (৩৮) নামের এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের এরশাদনগর হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

নিহত শিল্পী খাতুন ওই গ্রামের বাহাদুর আলীর মেয়ে এবং অভিযুক্ত জহুরুল ইসলাম একই গ্রামের কালু প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ বছর আগে পারিবারিকভাবে শিল্পী খাতুনের সঙ্গে জহুরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের আট বছর পর প্রথম স্ত্রীকে না জানিয়ে ঢাকার সাভারে দ্বিতীয় বিয়ে করেন জহুরুল। এ নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হলে একপর্যায়ে শিল্পীকে রেখেই তিনি ঢাকায় চলে যান। প্রায় সাত বছর পর তিনি আবার শিল্পীর কাছে ফিরে আসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জহুরুলের দ্বিতীয় সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার আগেরদিন রাতে স্ত্রী শিল্পী ও ছোট মেয়ে মিথিলাকে নিয়ে একসঙ্গে ঘুমাতে যান জহুরুল।

স্থানীয়দের অভিযোগ, ভোররাতে নেশার টাকার জন্য শিল্পীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। শিল্পী টাকা দিতে অস্বীকৃতি জানালে জহুরুল তাকে মারধর ও নির্যাতন করেন। এ সময় ছোট মেয়েকেও হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে শিল্পীর গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান তিনি। পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোট ভাই শিপন আলী অভিযোগ করে বলেন, নেশার টাকা না পেয়ে জহুরুল রাতভর আমার বোনকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করেছেন। এ ঘটনায় তারা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। সূত্র-কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com