জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের বিয়ানীবাজারে পল্লীতে নাজমিন আক্তার (১৮) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন নাজিম উদ্দিন (২৩) নামের এক দিনমজুর। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সম্প্রতি নাজমিনের বিয়ের কথা চূড়ান্ত হয়েছে বলে জানান স্থানীয়রা।
নিহত নাজমিন শেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল হক চৌধুরী কস্তই মিয়ার পালিত মেয়ে। অভিযুক্ত নাজিম উদ্দিন (২৩) অন্য এলাকার বাসিন্দা হলেও তিনি নিহত তরুণীর পাশের বাড়িতে বসবাস করেন।
এলাকাবাসী জানান, আজ মঙ্গলবার নাজিম উদ্দিন ওই সামসুল হকের বাড়িতে দিনমজুরের কাজ করতে যান। এ সময় টেলিভিশন দেখতে থাকা নাজমিন আক্তারকে পেছন থেকে জাপটে ধরে বটি দিয়ে গলায় কোপ দেন। ঘটনাস্থলে ওই তরুণীর মৃত্যু হয়। ঘটনার পরই পালিয়ে যান নাজিম। তার বাড়ি বড়লেখা উপজেলার নিজ-বাহাদুরপুর এলাকায়।
ইউপি সদস্য আবুল কালাম খান শেখ জানান, নিহত তরুণীকে শিশুকালে এনে লালন-পালন করেন সামসুল হক চৌধুরী। ঘাতক ছেলের পক্ষ থেকে হয়তো একতরফা ওই মেয়েকে প্রেম নিবেদন করা হতে পারে। তা প্রত্যাখান হওয়ায় ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় ঘাতক।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। ধারণা করা হচ্ছে- প্রেমঘটিত কারণে তরুণীকে হত্যা করেছে ঘাতক।
Leave a Reply