জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট নগরের হোটেল ব্রিটানিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ৯ প্রবাসীর উধাও হওয়ার ঘটনার রেশ কাটেনি এখনও। এবার ব্রিটেন থেকে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থেকেই রীতিমতো অনুষ্ঠান করে এক প্রবাসী বিয়ে করেছেন। সিলেট নগরের লামাবাজারের হোটেল লা-ভিস্তায় গত ২০ মার্চ এ বিয়ের অনুষ্ঠান হয়। এতে অংশ নেন অন্তত ৫০ জন অতিথি। হোটেলে কোয়ারেন্টিন কঠোরতার মধ্যে বিয়ের অনুষ্ঠান কিভাবে সম্ভব হলো তা নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে।
হোটেলের এক সূত্রে জানা যায়, কোয়ারেন্টিন পালন অবস্থায় অনেকটা আয়োজন করেই বাইরে থেকে কনে এনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছে এক প্রবাসী পরিবার। গত ১৮ মার্চ লন্ডন থেকে সিলেটে আসা যাত্রীদের মধ্যে ১১ জনকে সিলেটের লামাবাজারস্থ হোটেল লা-ভিস্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে দুইজন হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাঙ্গাইল এলাকার বাসিন্দা এক নারী (৪৮) ও তার ছেলে (২৮)। হোটেলে মা অবস্থান করেন ৪০১ নম্বর কক্ষে আর তার ছেলে অবস্থান করেন ৪০৬ নম্বর কক্ষে। সরকারী নির্দেশনা অনুযায়ী তারা সব ধরণের শারীরিক দূরত্ব এবং জনসমাগম এড়িয়ে চলার কথা থাকলেও তা উপেক্ষা করে হোটেল লা-ভিস্তায় স্টেজ সাজিয়ে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করেন যুক্তরাজ্য প্রবাসী ওই যুবক (২৮)। বিয়ের অনুষ্ঠানে বাইরে থেকে যোগ দেন আরও ৫০ জনঅ বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ভূরিভোজও হয় হোটেলের রেস্টুরেন্টে। সিলেট মিরর
Leave a Reply