জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের বানিয়াচংয়ে দুর্বৃত্তর হাতুড়ির আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত নারীর বামদিকের চোখ থেঁতলানো ও দাতের পাটি হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হয়। কপালের বামদিকে হাতুড়ি গেঁথে থাকতে দেখা গেছে।
নিহত নারীর নাম জাকিয়া খাতুন (৬৫)। তিনি মৃত আব্দুল হান্নান ঠাকুরের স্ত্রী। নিহতের ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে ৫ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বানিয়াচং উপজেলার ৩ নম্বর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত মহিলা বাড়িতে একাই ছিলেন। নিহতের ছোট ছেলে জোবায়ের স্থানীয় গানিংগঞ্জ বাজার থেকে এসে তার মাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। মাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের পেছনের দরজা খোলা পাওয়া যায় বলে নিহতের ছেলে দাবি করে। পরবর্তীতে প্রতিবেশীদের ডেকে এনে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানিয়াচং সার্কেলের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন, পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ। শেখ মো. সেলিম বলেন, প্রকৃত আসামিদের খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। শিগগিরই প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হবে।
নির্মম ও পৈশাচিক খুনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ খান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী নিহতের বাড়িতে যান।
Leave a Reply