জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের বিশ্বনাথে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর ৪ লাখ টাকা ও ৬টি ফোনসেট ছিনতাইকারীরা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোবিন্দনগর (বিলপার) গ্রামে এ ছিনতাইর ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম আরিফ আহমদ।
তিনি উপজেলার গোবিন্দনগর গ্রামের সুরুজ আলীর ছেলে ও স্থানীয় রাজাগঞ্জ বাজার আরিফ টেলিকমের পরিচালক।
এ ঘটনায় ওই রাতেই একই গ্রামের মৃত আবদুর রজাক গেদা মিয়ার ছেলে আবদুর রবকে (২৫) আটক করেছে পুলিশ।
ব্যবসায়ী আরিফ আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজাগঞ্জ বাজারে গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিস, বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশসহ যাবতীয় মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করে আসছি।
বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় ব্যবসা পরিচালনা শেষে বাড়ি ফিরছিলাম। বাড়িতে প্রবেশের ১৫-২০ গজ দূরে থাকতেই আমার চোখে হঠাৎ টর্চলাইটের আলো এসে পড়ে। আমি কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে এক ব্যক্তি আমার গলায় ও অপর এক ব্যক্তি আমার পেটে ছুরি ঠেকায়। এ সময় তারা আমার গলায় ঝুলানো ব্যাগ জোরপূর্বক কেটে ছিনিয়ে নেয়। ব্যাগের ভেতরে নগদ ৩ লক্ষ টাকা, প্রায় ৫০ হাজার টাকার রিচার্জ কার্ড ও ৬টি ফোনসেট ছিল। ছিনিয়ে নেয়ার সময় কিছুটা ধস্তাধস্তি করলে এক ব্যক্তির মুখের মাস্ক খুলে গেলে আমার হাতে থাকা ফোনসেটের আলোয় তাকে ও তার পাশে থাকা অপর ব্যক্তিকে চিনে ফেলি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।’
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, ‘খবর পেয়েই একদল পুলিশসহ ঘটনাস্থলে যান। পরে এ ঘটনায় আবদুর রব নামের একজনকে আটক করে পুলিশ।’
Leave a Reply