জগন্নাথপুর২৪ ডেস্ক::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছে, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে ভিসি বাসভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, ভিসির বাসভবনের নিরাপত্তার জন্য তারা সব সময় সেখানে অবস্থান করেন। আজো তাই করছেন।
শিক্ষার্থীরা গতকাল রাতে ভিসির পদত্যাগ দাবিতে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম দেন। এরপর পুরো রাতই শিক্ষার্থীরা ভিসির ফটকের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদী গানসহ নানা কর্মসূচি পালন করেন। কিন্তু দুপুর পর্যন্ত ভিসির পদত্যাগের ঘোষণা না আসার কারনে তারা অনশনে বসার প্রস্তুতি নিয়েছেন।
ভিসি ফরিদ উদ্দিন আহমদ দুপুরে জানিয়েছেন, আমাদের শিক্ষকরা প্রথম দিন থেকেই আলোচনার চেষ্টা করছেন। কিন্তু শিক্ষকদের গালিগালাজ করা হচ্ছে। গতকালও শিক্ষকরা গিয়েছিলেন। তারা আলোচনা করেনি। তারা এখন ভিসির পদত্যাগ চায়। এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। যদি ভিসি দোষী হন তাহলে মেনে নেয়া হবে। পুলিশ কর্তৃক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় দুঃখ প্রকাশ করেন তিনি।
Leave a Reply