জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহিদ মজনুকে একটি মারামারির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ছাতক জোন) বেলাল উদ্দিন তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানান গেছে, ছাতক পৌর শহরের তাতিকোনা এলাকায় পুর্ববিরোধের জের ধরে গত ১০ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। পরে থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে। তাতিকোনা এলাকার বাসিন্দা আনজব আলী বাদী হয়ে আবদুল ওয়াহিদ মজনুসহ ২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল সোমবার আদালতে হাজির হয়ে জামিন চান তিনি। আদালত শুনানি শেষে তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির এনামুল হক ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহিদের জামিন না মঞ্জুরের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্র-সুনামগঞ্জের খবর
Leave a Reply