জগন্নাথপুর২৪ ডেস্ক::
থমথমে ভাব। পুরুষ শূন্য গ্রাম। ছোট্ট-শিশু থেকে কিশোর কেউ নেই গ্রামে। মহিলাদের উপস্থিতিও হাতেগোনা। এরমধ্যেই মাঝে মাঝে কান্নার রোল এসে কানে বাজে। শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাজ গ্রামের মঙ্গলবারের দৃশ্য ছিল এরকম।
এই গ্রামের ‘ট্রিপল মার্ডারে’র কথা এখন জেলার সবচেয়ে চর্চিত বিষয়। মসজিদে কাঁঠাল নিলামকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ৪ জন নিহত হওয়ায় গ্রামটির নাম এখন সকলের মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব আলোচনা হচ্ছে এই নিয়ে।
মঙ্গলবার দুপুরে গ্রামের প্রবেশ পথ হাসনাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল পুলিশের অবস্থান। পুরুষ মানুষ দেখলেই পরিচয় জানার চেষ্টা করছেন তারা। চাওয়া হচ্ছে ভোটার আইডি কার্ড।
একটু এগুতেই শুনা গেল কান্নার সুর। এক মহিলা জানালেন, এটি সোমবার রাতে নিহত মখলিছুর রহমান’ এর (৬০) বাড়ি।
মখলিছুর রহমানের ছোট ভাইয়ের স্ত্রী শাহেদা বেগম জানালেন, দেবর ভাসুর মিলে তারা এক বাড়িতেই থাকেন। সোমবার সকালে গ্রামের উত্তর মাথায় সংঘর্ষের ঘটনার পর দক্ষিণ মাথায় এসে বাড়ি-ঘরে হামলা চালায় প্রতিপক্ষের কয়েকজন। এসময় তার ভাসুর দুই হাতে দুইটি লাঠি নিয়ে বাড়ির উঠোনে বের হন। তাকে এখানে এসেই প্রতিপক্ষের লোকজন ঘাড়ে ও মাথায় আঘাত করে। তার মাথা থেকে রক্ত ঝরছিল। গ্রামে পুলিশ আসার খবর শুনে উড়না দিয়ে মাথা বেঁধে পাশের গ্রাম জামলাবাজে নিয়ে যাওয়া হয় তাকে। ওখানেই রাতে মারা যান তিনি। রাত ১০ টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে আসেন স্ত্রী। সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে লাশের ময়না তদন্ত করায় পুলিশ। এ রিপোর্ট লেখার সময় (মঙ্গলবার বিকালে) আশপাশের গ্রামের কয়েকজন গ্রামের গোরস্তানে তার লাশ দাফন করেছেন।
মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ বাড়ির ঘরের দরজা লাগানো, দুয়েকজন মহিলা ভেতরে থাকলেও কেউই কথা বলতে চান না।
গ্রামের দক্ষিণ মাথার মখছুদ আলীর স্ত্রী রাজিয়া বেগম জানালেন, সোমবার রাত অনেক কষ্টে গেছে তাদের। দুই ছেলেসহ স্বামী কোথায় আছেন জানেন না তারা। ঘটনার পর প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে ঘরের সবকিছু ভাঙার পাশপাশি বিদ্যুতের স্লুইচবোর্ড ভেঙে দিয়েছে। এজন্য ২৪ ঘণ্টা হয় বিদ্যুৎ নেই গ্রামে। মোমবাতি জ¦ালিয়ে রাত কাটিয়েছেন তিনি ও তার আট বছরের এক শিশু কন্যা। বললেন, ‘একটা গরু আছিল (ছিল) ভাই, ৫০ হাজার টেকা (টাকা) দাম অইছিল (হয়েছিল), ভয়ে পাশের গাঁওয়ের (গ্রামের) আরেক জনেরটাই (আরেক জনের কাছে) কালকেই (গতকালই) ৩০ হাজার টেকায় বেচিলিছি (বিক্রয়) করেছি।’
পাশের বাড়ির রাসেল আক্তারও বললেন, ‘ঘরের হকলতার (সবতার) লগে কারেন্টের (বিদ্যুতের) বোর্ড ভাইঙ্গা (ভেঙে) তছনছ কইরা (করে) গেছে তারা’।
পাশের ওয়ার্ডের (আট নম্বর ওয়ার্ড) ইউপি সদস্য সবুজ মিয়া এসেছেন মঙ্গলবার দুপুরে এই গ্রামের অবস্থা দেখতে। বললেন, কোন পুরুষ মানুষ বাড়িতে নেই। বেশিরভাগ নারী, বিশেষ করে কম বয়সি নারীরাও বাড়ি ছেড়েছেন। এসেছি লাশ দাফন করতে পারছে কী না দেখতে।’
বিরোধ ৫০ বছরের
হাসনাবাজ গ্রামে আধিপত্যের লড়াই ৫০ বছরের। গ্রামের প্রয়াত সরাই মোড়লের বড় গোষ্ঠী। এই গোষ্ঠী এক থাকলে দ্বন্দ্ব হয় কম। কিন্তু এরাই এখন দুইভাগে বিভক্ত। একভাগের নেতৃত্বে দ্বীন ইসলাম এবং আরেক ভাগের নেতা মালদার আলী। গ্রামের চার গোষ্ঠীর লোকজন এখন এই দুইজনের নেতৃত্বে প্রায়ই দ্বন্দ্ব ফ্যাসাদে লিপ্ত হয়।
পাশের গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন বললেন, গ্রামে আধিপত্যের দ্বন্দ্ব স্বাধীনতার আগে থেকেই। স্বাধীনতার পর এই বিরোধে একপক্ষের নেতৃত্ব দিতেন মালদার আলীর বাবা রিয়াছত আলী ছন্টই এবং আরেকপক্ষের নেতা ছিলেন সরাই মোড়ল। ৩০-৩৫ বছর আগে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের আঘাতে খুন হন রিয়াছত আলী ছন্টই। এর কয়েক বছর আগে সরাই মোড়লের পক্ষের একজন খুন হয়েছিলেন। এরপর কিছুদিন দুইপক্ষই নীরব ছিল। কয়েক বছর আগে গ্রামের মসজিদের আধিপত্য নিয়ে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পর গ্রামের দুইপক্ষের সকলেই আসামী ছিল। এই দ্বন্দ্বের পর স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের হস্তক্ষেপে দ্বন্দ্বের অবসান হয়। এখন আবার দুইপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটালো।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন বললেন, গ্রামের চার গোষ্ঠী এখন মালদার আলী ও দ্বীন ইসলামের নেতৃত্বে দুইভাগে বিভক্ত। চার-পাঁচ বছর আগেও ঈদের জামায়াতে সংঘর্ষ বাঁধে। সকলে মামলায় জর্জরিত ছিল। পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের হস্তক্ষেপে এই ঘটনায়ও সমঝোতা হয়। আড়াই থেকে তিন হাজার মানুষের এই গ্রামে শিক্ষার হার একেবারে কম থাকায় দ্বন্দ্ব ফ্যাসাদ লেগেই থাকে বলে মন্তব্য করেন নূর হোসেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন বলেন, ছোটখাটো বিষয়েই গ্রামের দুইপক্ষ লিপ্ত হন ঝগড়ায়। বারবারই ওখানে গিয়ে মিটমাট করেছি আমরা। এবারও নানাভাবে চেষ্টা করেও ঠেকানো যায় নি। তুচ্ছ ঘটনা নিয়েই বড় সংঘর্ষের ঘটনা এই গ্রামে এর আগেও হয়েছে।
গ্রামের এক বাসিন্দা জানান, এর আগে দ্বীন ইসলামের এক ভাতিজাকে অপরপক্ষের একজন লিচু বলে ডেকেছিলো। লিচু নামে ডাকার কারণে মারামারি পর্যায়ে চলে যায় দুই পক্ষের লোক। পরে এ নিয়ে এলাকায় সালিশ বসানো হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, গ্রামের লোকজন নানা ইস্যুতে দুইভাগে বিভক্ত। এর আগে গ্রামের পাশের বাগ নিয়ে দ্বন্দ্ব ছিল। আমরা দুইপক্ষকে বসিয়ে সমাধান করেছি। একে অপরের বাড়িতে দাওয়াত খেয়ে, এখন আবার এই ঘটনা ঘটালো।
খবর-সুনামগঞ্জের খবর