1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে মোমিন শাহ্ ও পবন কাষ্ট পেল সোনার নৌকা- সোনার বৈঠা

  • Update Time : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাখিমারা হাওরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার দুপুরে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। জেলার বিভিন্ন এলাকা এবং আশপাশের জেলা থেকেও লাখো মানুষ নৌকা বাইচ দেখতে আসেন এবং নেচে গেয়ে উৎসবমুখর করে তোলেন চারপাশ। বাইচের নৌকাগুলো উজানে যাওয়ার সময় বাইচে অংশগ্রহণকারীরা বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিমের ‘কোন মেস্তরি নাও বানাইছে…. / ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূরপঙ্খী নাও…. , এমন গান সমবেতভাবে গাইলে হাজারো দর্শক কণ্ঠ মিলান। আবার প্রতিযোগিতা করে নৌকাগুলো বিচারকের দিকে আসার সময় নিজ নিজ নৌকার উৎসুক সমর্থকরা যখন ‘বাইয়া দে- বাইয়া দে’ স্লোগান তুলেন তখন পুরো হাওরে অন্য রকমের পরিবেশ তৈরি হয়। ঢাক-ঢোলের তালে তালে মাঝি-মাল্লার বৈঠার ছন্দে মাতিয়ে তোলেন পাখিমারা হাওরের শান্ত জলের ঢেউকে।
শ্রম, ঘাম, উৎসাহ-উদ্দীপনা, আনন্দ আর উত্তেজনার মধ্য দিয়ে সন্ধ্যা পর্যন্ত চলে নৌকাবাইচ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতায় সরু ও লম্বাটে ১৫ টি নৌকা অংশগ্রহণ করে। নানা রঙের পোশাক পড়ে বাইচে অংশ নেন বাইছালরা। নানা বর্ণে, আনন্দে-উল্লাসে জমে ওঠে বাইচ। করতালি দিয়ে দর্শকরা প্রতিযোগিদের উৎসাহ প্রদান করেন। গ্রামবাংলায় নৌকাবাইচের কদর এখনো ব্যাপক জনপ্রিয়, পাখিমারা হাওরে বিপুল দর্শকের উপস্থিতিই ছিল এর প্রমাণ।
এর আগে সকাল থেকেই নানা রঙে সাজিয়ে পাখিমারা হাওরে এসে অবস্থান নেয় বাইচের নৌকা পঙ্খিরাজ, হিজলতরী-১ ও হিজলতরী-২, সাজুর শাহ্ তরী, বাংলার গান, বীর বাংলা, পবন-হবীবপুর, মোমিন শাহতরী, বাংলার তুফান, সোনার বাংলা, জলপবন, কুতুব শাহ্ তরী, পবন কাষ্টের তরী, সোনার তরী ও বীরপবন।
গাছগলুই গ্রুপ ও পানদৈক্কা গ্রুপে আলাদা আলাদা বিজয়ী নির্বাচন করা হয়। গাছগলুই গ্রুপে প্রথম হয় মোমিন শাহ তরী এই গ্রুপে দ্বিতীয় হয় শান্তিগঞ্জের হাসকুরির হিজল তরী -২, তৃতীয় হয় জগন্নাথপুরের সোনার বাংলা। পানদৈক্কা গ্রুপে প্রথম হয় দরগাপাশার পবন কাষ্টের তরী, দ্বিতীয় বীরগাঁওয়ের বীরপবন, তৃতীয় হয় একই উপজেলার সলফ গ্রামের সোনার তরী। দুই গ্রুপেই প্রথম যারা হয়েছে তাদের হাতে সোনার নৌকা ও সোনার বৈঠা পুরস্কার হিসেবে তুলে দেন পরীকল্পনা মন্ত্রী এমএ মান্নান। দ্বিতীয় ও তৃতীয়দের টেলিভিশন তুলে দেওয়া হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে পরীকল্পনা মন্ত্রীকেও সোনার নৌকা তুলে দেওয়া হয়।
নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বীরগাঁও ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ্জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, পরীকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসাইন, আয়োজক কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম রাইজুল, সাধারণ সম্পাদক জুবায়েল আহমদ, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com