জগন্নাথপুর২৪ ডেস্ক::
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮জন। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের পুস্কুনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম এবং আব্দুল হাকিম। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তার শ্বশুর এবং আরও ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী গুরুর হাটে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েস উদ্দিন। গুরুতর আহতদের হাসপাতালে নেয়ার পথে আয়েস উদ্দিনের ছেলে শরিফুল ইসলামও মারা যান। আর চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র-মানব জমিন