জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট-সুনামগঞ্জ সড়কে জাঙ্গাইল এলাকায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক আব্দুল মালেক (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাঙ্গাইল এলাকার সফি আহমদ স্কুল অ্যান্ড কলেজের সামনে সুনামগঞ্জগামী নোহা গাড়ি (রেজি নম্বর- ঢাকা মেট্রো- ১৪-৯২০৪) এবং সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার (রেজি নম্বর সিলেট-থ ১২-০৬৫৩) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল মালেকের মৃত্যু হয়। এছাড়া অটোরিকশায় থাকা আরও চারজন গুরত্বর আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের গণমাধ্যমকে বলেন, ‘দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালকের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
Leave a Reply