জগন্নাথপুর২৪ ডেস্ক::
নির্বাচন এলেই পাড়া মহল্লায় শোরগোল পড়ে যায়। আসন্ন সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখেও পাড়া মহল্লাায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উঠান বৈঠক, সভা, লিফলেট, পোস্টারসহ নানা ধরণের প্রচারণা। এছাড়াও গানে-কবিতায় শ্লোগানে মাইকে প্রচারণা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত একসঙ্গে একাধিক মাইকের প্রচারণায় শব্দ দূষণ নিয়েও সব সময়ই আলোচনা হয়। এই নেতিবাচক আলোচনা থেকে নিজেদের দুরে রাখতে সুনামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থীরা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। নাগরিকদের শব্দ দূষণের কষ্ট থেকে মুক্তি দিতে তারা মাইকিং না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা।
ওয়ার্ডের বাসিন্দা শিক্ষাবিদ যোগেশ^র দাশ এই উদ্যোগে অনুকরণিয় উল্লেখ করে বলেন, সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ মানুষের স্বাস্থ্যের ক্ষতির কারণ। পাড়া মহল্লায় উচ্চ শব্দে মাইকিংএ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হন বৃদ্ধ ও রোগীরা। প্রচারণায় মাইকিং বন্ধ করা প্রার্থীদের সুন্দর চিন্তা ভাবনা। ইতিবাচক ও সঠিক উদ্যোগের জন্য তাদের সকলকেই ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত সুনামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৯ জন। এঁরা হলেন, গোলাম সাবেরীন (টেবিল ল্যাম্প), বিমান কান্তি রায় (পানির বোতল), আবু বক্কর সিদ্দিক (ব্রিজ), আলী আছহাব আহমদ (পাঞ্জাবি), এমদাদুল হক (ডালিম), গণেশ রায় (ব্ল্যাক বোর্ড), নীহার রঞ্জন দাস (গাজর), মো. সামছুল ইসলাম পারভেজ (উটপাখি), মো. সাহিন মিয়া (টিউব লাইট)। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ওয়ার্ডের প্রায় পাঁচ হাজার ভোটার।
আগামী ১৬ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply