1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন

আজ শহীদ বুদ্ধিজীবি দিবস

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবহ দিন। বিনম্র শ্রদ্ধায় জাতি আজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবে। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছিল। হানাদার বাহিনী চেয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূূূূূূূূূূূূূূূূূূূূন্য করতে। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানি বাহিনী ১৪ ডিসেম্বর এই নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়েছিল।

বাঙালি জাতির দীর্ঘ মুক্তি সংগ্রামে বুদ্ধিজীবীরা নিজেদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার প্রেরণা জুগিয়েছেন। দেখিয়েছিলেন মুক্তির পথ। গোটা জাতিকেও উদ্দীপ্ত করেছিলেন অধিকার আদায়ের সংগ্রামে। বিজয় অর্জনের পর রায়েরবাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে একে একে পাওয়া যায় হাত-পা চোখ বাঁধা দেশের খ্যাতিমান এই বুদ্ধিজীবীদের ক্ষত-বিক্ষত লাশ। হত্যার আগে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছিল তাদের ওপর। কারও শরীর বুলেটবিদ্ধ, কারও বা অমানুষিক নির্যাতনে ক্ষত-বিক্ষত। হাত পেছনে বেঁধে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নাড়িভুঁড়িও বের করে ফেলা হয়েছিল অনেকেরই। এসব মৃতদেহ পাওয়ায় উন্মোচিত হয় ঘাতকদের বুদ্ধিজীবী হত্যার নীলনক্শা। এ ঘটনায় বিশ্ববিবেক স্তম্ভিত হয়ে পড়ে। ঘাতকদের হাতে শহীদ সেই সব সূর্যসন্তান স্মরণে ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।

বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুইদিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অভ্যুদয় ঘটে লাল-সবুজের পতাকার স্বাধীন বাংলাদেশের।
মুক্তিযুদ্ধের প্রথম প্রহর থেকে বিজয়ের আগমুহূর্ত পর্যন্ত যেসব বরেণ্য বুদ্ধিজীবীকে আমরা হারিয়েছি, তাঁদের মধ্যে আছেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশীদুল হাসান, ড. আবুল খায়ের, ড. আনোয়ার পাশা, সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লাহ কায়সার, আলতাফ মাহমুদ, নিজামুদ্দীন আহমদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, আ ন ম গোলাম মোস্তফা, সেলিনা পারভীন প্রমুখ। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com