স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের বাড়ী জগন্নাথপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুর উন্নয়ন সংস্থার ইসিমেম্বার মানবাধিকার সংগঠক তছির আলী (৪৮) করোনা আক্রান্ত হয়ে সোমবার ভোররাতে লন্ডনের রয়্যল হাসপাতালে মারা যান। এর আগে করোনা আক্রান্ত হয়ে ১৯ ডিসেম্বর মারা যান তাঁর ছেলে রুবেল মিয়া(২১) বর্তমানে তাঁর বড় ছেলে রুহেল মিয়া (২৫) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। অল্পদিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে বাবা ছেলের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাজ্য ও জগন্নাথপুরে বিভিন্ন সামাজিক কাজে অগ্রনী ভূমিকায় ছিলেন তছির আলী।
বাড়ীতে থাকা তাঁর ভাই আজাদ আলী জানান, করোনায় পুরো পরিবারটি তছনছ হয়ে গেছে এ শোক সয্য করতে পারছিনা।
জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সফিকুল হক জানান,জগন্নাথপুরের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তিনি অগ্রণী ভূমিকা রাখেন।তাঁর ভূমিকায় জগন্নাথপুর উন্নয়ন সংস্থার অর্থায়নে লাশ রাখার ঘর মরচুয়ারি স্হাপন করা হয়। এছাড়াও অনেক মানবিক কাজে তিনি মানুষের পাশে ছিলেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর বলেন, উপজেলা পর্যায়ে বেসরকারি উদ্যাগে লাশ রাখার হীমঘর নির্মাণ একটি ব্যতিক্রমী উদ্যাগ। প্রবাসী তছির আলী এটি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন। যে কারণে জগন্নাথপুরবাসী তাকে দীর্ঘদিন মনে রাখবে।
লন্ডনের নতুন দিন পত্রিকার সম্পাদক মহিব চৌধুরী বলেন, করোনায় যুক্তরাজ্যর বাঙালি কমিউনিটিতে এখন মৃত্যুর মিছিল চলছে। প্রতিদিন পরিচিতজন ও স্বজনের অকাল মৃত্যু আমাদের বাকরুদ্ধ করছে। শুক্রবার লন্ডনে করোনায় ১০ ঘন্টার ব্যবধানে শ্রীরামসি গ্রামের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়। প্রসঙ্গত কিছু দিন আগে মায়ের মৃত্যুতে শিরনীতে দেশে আসেন তছির আলী।শিরনী পর এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে একটি মসজিদ তৈরির উদ্যাগ নিয়ে কাজ শুরু করেন। তাঁর মৃত্যুতে কাঁদছে এলাকাবাসী। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
Leave a Reply