1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী আজ

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের কৃতি সন্তান প্রয়াত জাতীয় নেতা স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদ এর ২১তম মৃত্যুবার্ষিকী আজ।
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালী গ্রামে ১৯২২ সালে জন্মগ্রহণ করেন প্রয়াত এ জাতীয় নেতা। ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যু বরণ করেন।
আব্দুস সামাদ আজাদ ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এম.এল.এ নির্বাচিত হন এবং আওয়ামী লীগের শ্রম সম্পাদক মনোনীত হন। ১৯৫৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এম.এন.এ নির্বাচিত হন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকদের এবং মুজিব নগর সরকারের বিশেষ ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত এবং সরকারের রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।
১৯৭৫ পরবর্তী আওয়ামী লীগ পুর্নগঠনে বিশেষ ভূমিকা পালন করেন। আমৃত্যু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯০ এর স্বেরাচার বিরোধী আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে এ আসন থেকে আবারো নির্বাচিত হয়ে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি এ আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ এপ্রিল বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ও আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের পক্ষ থেকে দোয়া মাহফিল কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com