জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না এবং বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে নিত্যপ্রয়োজনীয় ৬০টি দ্রব্যের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহারের সুবিধা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, যারা এ ধরনের জনকল্যাণমূলক কাজে বাধা দিতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষক ভাইদের ভাগ্যোন্নয়নে ও সহায়তায় কৃষক কার্ড নিশ্চিত করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।
ফ্যামিলি ও কৃষক কার্ডের অর্থায়ন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অর্থায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে। এরই অংশ হিসেবে আজ চা শ্রমিকদের ঘর নির্মাণের জন্য ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।
মৌলভীবাজারের উন্নয়নে বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কথা স্মরণ করে তিনি বলেন, এই অঞ্চলের বড় বড় রাস্তাঘাট, স্কুল ও কলেজ বিএনপির আমলেই নির্মিত হয়েছিল। বিএনপি হচ্ছে জনগণের দল এবং জনগণই আমাদের সব ক্ষমতার উৎস। বিভিন্ন সংকটে অনেকে বিদেশে চলে গেলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের ছেড়ে কোথাও যাননি। বাংলাদেশই তার প্রথম ও শেষ ঠিকানা ছিল। আমরা খালেদা জিয়ার সৈনিক হিসেবে এ দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতিয়ারে পরিণত করে দেশের ভাগ্যের পরিবর্তন করব।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতারা। সূত্র-এশিয়া পোষ্ট.কম