জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের শাল্লায় পতিত জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্র সরকার জানান, শাল্লার আটগাঁও ইউনিয়নের নিচগাঁও গ্রামের রূপ মিয়া ও আজব মিয়ার বাড়ি সংলগ্ন পতিত জমি আজব মিয়ার নামে রেকর্ড হয়। এই জমি রূপ মিয়া তার নিজের দাবি করে শনিবার আজব মিয়াকে জানায়, ৬০ হাত প্রস্ত পতিতের ৪০ হাত তাকে (রূপ মিয়াকে) দিতে হবে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় রূপ মিয়ার পক্ষের আব্দুল মান্নান (৬৫) নামের একজন গুরুতর আহত হন। হাসপাতালে নেবার জন্য নৌকায় তুলার সময় তিনি মারা যান। এসময় দুইপক্ষের কমপক্ষে আট জন আহত হয়েছেন বলে জানান এই ইউপি সদস্য।
ঘটনা জানতে রূপ মিয়াকে ফোন দিলে ফোন রিসিভ করেন তার স্ত্রী রুনা আক্তার। রুনা আক্তার বলেন, তার স্বামী রূপ মিয়া গুরুতর আহত। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের পক্ষের আরও কয়েকজন আহত আছেন।
আজব মিয়ার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও রিসিভ না করায় কথা বলা যায় নি।
এই বিষয়ে জানার জন্য পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও শাল্লা থানার ওসিকে ফোন দিলেও তারা ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায় নি।
পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ডি আই ওয়ান আজিজুর রহমান জানালেন, জমি-জমা নিয়ে দুইপক্ষে সংঘর্ষ হয়েছে। গুরুতর আহত একজনকে সিলেটে নেবার জন্য নৌকায় তুলার সময় মারা গেছেন। ঘটনাস্থলে এএসপি সার্কেল ও থানার ওসিসহ পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে আছেন।