জগন্নাথপুর২৪ ডেস্ক::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে ফক্স নিউজ-এর সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের কিছু অংশে হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবর প্রসঙ্গেও কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমাদের বড় কিছু করতে হবে।’ এর মধ্যে ‘বড় ধরনের আঘাত’ হানার বিষয়টিও থাকতে পারে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ইরান) কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’
সাক্ষাৎকারে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পেছনে জ্বালানির উচ্চমূল্যের প্রভাবও স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, জ্বালানির জন্য বেশি দাম দিতে হওয়ায় মানুষ ‘খুশি ছিল না’।
কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের পরাজয়ের আভাস মিললেও এই ফলকে নিজের প্রেসিডেন্সির ওপর ‘আঘাত’ হিসেবে দেখছেন না ট্রাম্প। তার মতে, ডেমোক্র্যাটরা বহু বছর ধরে এমন বড় জয় পাওয়ার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত তারা তা অর্জন করেছে। এ জন্য দলটির প্রশংসাও করেন তিনি।
ফক্স নিউজের সাক্ষাৎকারে গত দুই বছরের সরকারের অর্জনের কথাও তুলে ধরেন ট্রাম্প। অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের নিরাপত্তাকে নিজের সরকারের প্রধান সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি। সৌজন্যে কালবেলা