স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলে মাসহ পরিবারের সদস্যদের মারধর অভিযোগে জুয়েল মিয়া (৪২) নামের এক যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার আব্দুল বারির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, সে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। একাধিকবার মাদক সেবনের কারণে তাকে পুলিশ গ্রেপ্তারও করেছে। তার মা দুই দিন আমার কাছে এসে মৌখিকভাবে নির্যাতনের অভিযোগও করেন। সে প্রায়শই মাদক সেবন করে তার মাসহ পরিবারের সদস্যদের মারধর করত। অভিযানে মাদকাসক্ত ওই যুবককে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেড় বছর (১৮ মাস) বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডপ্রাপ্ত মাদকাসক্ত ব্যক্তিকে সোমবার রাতেই সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।