1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

টিকটকে পরিচয়, ঢাকায় আটকে রেখে ধর্ষণ, অভিযুক্ত চীনা নাগরিক গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

টিকটকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের আশ্বাসে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে যাওয়ার পর একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিকের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। এ ঘটনায় চেন ইয়ং (৪১) নামে ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী মানিকগঞ্জ সদর উপজেলার একটি প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণিতে পড়ে। ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ১৮ নভেম্বর মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

নিখোঁজের ছয় দিন পর গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওই শিক্ষার্থী তার বড় বোনের সঙ্গে ফোনে যোগাযোগ করে। এ সময় সে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের কাছে অভিযোগ করে সে।

শিক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে গতকাল দিবাগত রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ২৩ নম্বর শাহারা র‍্যাপসোডিয়া ভবনের সপ্তম তলার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার চেন ইয়ংকে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান বলেন, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ তার সন্ধানে কাজ করছিল। পরে বড় বোনের মাধ্যমে পাওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরার বাসা থেকে তাকে উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন হয়েছে।

আদালত সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী আদালতে ভুক্তভোগী শিক্ষার্থীর জবানবন্দি নেওয়া হয়েছে। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। সূত্র-আজকের পত্রিকা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com