জগন্নাথপুর২৪ ডেস্ক::
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন থেকে গত রোববার এক নবজাতকের লাশ উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ। সদ্য ভূমিষ্ঠ এক কন্যা সন্তানের গলাকাটা লাশ উদ্ধার নিয়ে দৈনিক মানবজমিনে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। দিনভর অভিযান চালিয়ে নবজাতক হত্যা মামলায় জড়িত কুমারি মা ও নানিকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার উপজেলার বেকড়া ইউনিয়নের উত্তরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঐ গ্রামের ছনির মোল্লার স্ত্রী হাফিজা (৩৮) ও মেয়ে সোনিয়া (১৮)। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় শিশু হত্যা মামলা শেষে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, স্বাস্ব্য কমপ্লেক্সের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধারের পর সোনিয়াসহ তার পরিবারের লোকজনদের নবজাতক শিশুর মৃত্যুর বিষয়টি জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়। মা-মেয়ে ঘটনার সঙ্গে জড়িত স্বীকার করায় তাদের বিরুদ্ধে হত্যা মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত মেয়েটি অবিবাহিত।
সে বেকড়া ইউনিয়নের বেকড়া উত্তরপাড়া গ্রামের ছনির মোল্লার কুমারী মেয়ে। শনিবার রাত সাড়ে ১০টায় দিকে পেট ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় মেয়েটি। ভোর রাতে ওই মেয়ে ও তার মা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে দীর্ঘ সময় অবস্থান করে একটি কন্যা সন্তান জন্ম দেন। এ সময় হাসপাতালে ভর্তিকৃত অন্যান্য রোগীরা টয়লেটের ভিতরে একটি সদ্য ভুমিষ্ঠ শিশুর কান্নার শব্দ শুনতে পান। প্রায় দুই ঘণ্টা পর মা ও মেয়ে টয়লেট থেকে বের হয়ে সিটে আসে বলে জানান পাশে থাকা অন্যান্য ভর্তি রোগীরা।
হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার কাজল পোদ্দার রোববার সকালে নিয়মিত রোগী পরিদর্শন শেষে ঐ মেয়েকে ছাড়পত্র দিয়ে দেন। পরে তারা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। এরপর সকাল আনুমানিক ৯টার দিকে দুজন পথশিশু হাসপাতালের ড্রেনে নবজাতক শিশুটি দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষসহ আশপাশের লোকজন জড়ো হয়ে নাগরপুর থানায় খবর দিলে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে।
Leave a Reply