স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগপ্রাপ্ত ৭৮ জন শিক্ষককে নিয়ে ‘ বরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা মডেল মসজিদের হলরুমে ‘বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি’ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে নবযোগদানকৃত শিক্ষকদের সম্মানে এই ‘বরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবাগত শিক্ষকদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন। পরে সমিতির সভাপতি শিক্ষক মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে ও শিক্ষক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষানুরাধী উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, পৌর বিএনপির আহ্ববায়ক কবি সালাউদ্দিন মিঠু,আহ্বায়ক, ইউপিইটিসি’র ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বি জাহান, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন। নবাগত শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন, মোঃ হুমায়ুন কবির ও মোঃ জেবুল মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার মূল ভিত্তি। নবনিযুক্ত শিক্ষকদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে জগন্নাথপুরের অবহেলিত প্রান্তিক অঞ্চলের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। শিক্ষকেরা কেবল শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ না থেকে কোমলমতি শিশুদের সুনাগরিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।