জগন্নাথপুর২৪ ডেস্ক;;
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে ভয়াবহ আগুনে কমপক্ষে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাজারের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে বাজারের সঞ্জিত রায়ের মালিকানাধীন রেস্টুরেন্টে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এতে তিনটি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্সের দোকানসহ মোট প্রায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতার কারণে কোনও মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভয়াবহ এই আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বাজারের ব্যবসায়ী দিলু মিয়া বলেন, ‘মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা শুনে বাজারে গিয়ে দেখা যায়, দাউ দাউ করে আগুন জ্বলছে। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।’
বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন জানান, রাতে খবর পাওয়া গেলেও সড়কপথে যাতায়াতের ব্যবস্থা না থাকায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।