জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাশিয়া বলেছে যে, ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৯ জন রুশ সেনা নিহত হয়েছে। নিহতের কারণ হিসেবে বলা হয়েছে, সেনারা তাদের মোবাইল ব্যবহার করছিল।
বিবিসি জানিয়েছে, চলতি বছর শুরুর মধ্যরাতে মিকাভকা এলাকায় রুশ সৈন্যদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইউক্রেন।
রুশ সামরিক বাহিনীর দাবি, সৈন্যদের ফোন ব্যবহার করা নিষেধ। তার পরেও তারা নিষিদ্ধ মোবাইল ব্যবহার করে শত্রুকে তাদের অবস্থান শনাক্ত করতে দিয়েছে।
তবে সেখানে ঠিক কত সংখ্যক সৈন্য নিহত হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নিশ্চিতভাবে জানা যায়নি। ইউক্রেনের দাবি, সেখানে চার শতাধিক সৈন্য নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৩০০ জন। তবে রাশিয়ার তরফ থেকে সর্বশেষ বলা হয়েছে, ৮৯ জন সৈন্য নিহত হয়েছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর একদিনে রাশিয়ার সর্বোচ্চ সংখ্যক সৈন্য নিহতের ঘটনা এটি। রাশিয়ার দাবি, চলতি বছর শুরুর এক মিনিট পরই যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট সিস্টেম থেকে ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছিল; যার মধ্যে দুটি গুলি করে ভূপাতিত করা হয়।
স্থানীয় সময় বুধবার ভোররাতে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুরিন নিহতদের মধ্যে রয়েছেন। ঘটনার তদন্ত চলছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এটা এরই মধ্যে সুস্পষ্ট যে, ইউক্রেনীয় আক্রমণের নেপথ্যের কারণ হলো- আমাদের সৈন্যরা মোবাইল ব্যাপকহারে ব্যবহার করেছে; অথচ এটা করা নিষিদ্ধ রয়েছে
বিবৃতিতে বলা হয়েছে, এ কারণে শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র হামলার জন্য আমাদের সামরিক কর্মীদের অবস্থান শনাক্ত করতে পেরেছে। তদন্তে দোষী সাব্যস্ত কর্মকর্তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।